সোমবার থেকে খুলে যাচ্ছে দোকানপাট ও শপিংমল
দেশে করোনা ভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় সরকার টানা তৃতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে। তবে ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানপাট, শপিংমল খুলে দেয়ার দাবি তুলেছে।
এরইমধ্যে আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট, শপিংমল খুলে দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সরকারের উচ্চ পর্যায় থেকে দোকান মালিকদের ধৈর্য্য ধরতে বলা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‘সরকারের উচ্চ পর্যায়ে আমরা যোগাযোগ করেছি। আশা করা যাচ্ছে, আগামী সোমবার থেকে দোকানপাট, শপিংমল খুলে দেয়া হতে পারে।’
তিনি বলেন, গত সোমবার রাতে সরকারের শীর্ষ পর্যায়ে টেলিফোনে তার কথা হয়েছে।
সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, এ মুহূর্তে জীবনটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথমবার করোনা মহামারি মোকাবিলা করতে সক্ষম হলেও এবার পরিস্থিতি আরও খারাপ। কেউ ভাইরাসটিতে সংক্রমিত হলেও সে নিজে বুঝতে পারছে না। যখন বুঝতে পারছে তখন আর বাঁচানো যাচ্ছে না।