সোমবার শুরু হচ্ছে অনলাইন বইমেলা
আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে অনলাইনে বইমেলা। রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অমর একুশে উপলক্ষে অনলাইন বইমেলা (boionlinebd.com) উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইন বইমেলার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য শিশু-কিশোর, তরুণ-তরুণীদের মধ্যে বই পড়ার অভ্যাসটা আগের মতো আর নেই। আমি মনে করি, বই পড়ার অভ্যাসটা কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মধ্যে আবারো গড়ে তোলা প্রয়োজন। সেটি গড়ে তোলার ক্ষেত্রে এই বইমেলা সহায়ক ভূমিকা পালন করবে।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ এখন ডিজিটাল, দেশের ১১ কোটিরও বেশি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। ফলে দেশের বহু মানুষের কাছে অনলাইনে পৌঁছানো সম্ভব। অনলাইনে যখন বইমেলা হবে, সেখানে বইয়ের পরিচিতি তুলে ধরবে, বইয়ের লেখকদের নিয়ে এসে তাদের বক্তব্য প্রচার করবে, এতে যে কেউ যে কোনো প্রান্ত থেকে বসেই এতে শরিক হতে পারবেন।
boionlinebd.com এর স্বত্বাধিকারী রবিন আহসান বলেন, প্রতিদিন রাত ১১টায় আমাদের ফেসবুক পাতা থেকে লেখক, প্রকাশক ও পাঠকদের সঙ্গে যুক্ত হবো বই নিয়ে আলোচনায়। অনলাইনে নতুন যে বই বের হচ্ছে সেসব খবর প্রচার করা হবে। চেষ্টা করবো মেলা চলাকালীন ২৮ দিন অন্তত কয়েকজন লেখকের কথা, তাদের বই নিয়ে কথা প্রচার করার জন্য। করোনা মহামারিতে অনলাইনে বেচাকেনা অনেক বেড়েছে এবং অনলাইন অনেক জনপ্রিয়।
তিনি বলেন, ইউরোপে করোনার সময় বই বিক্রি বেড়েছে, আমাদের এখানে বই সমসময় কম বিক্রি হয়, করোনার সময় আরো কম বিক্রি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা একুশের বইমেলা, একুশের গানসহ একটি ভিডিও বানিয়েছি। দেশের বাইরেও যে বাঙালি লেখকরা আছে, একুশে বইমেলা উপলক্ষে যারা দেশে আসেন, তাদের সঙ্গে আমরা ফেসবুকে কানেকটেড হয়ে বই নিয়ে আলোচনা করবো।