শনাক্ত ও সুস্থতার হার প্রায় সমান, মৃত্যু ৪১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ হাজার ৬৬০ হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জন। এই সময়ে ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছেন এক হাজার ৭৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেখা যায় অবারও ক্রমান্বয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৯টি, জিন এক্সপার্ট ৪৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৩০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৫৩৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি।