শনাক্ত বেড়ে ১৯, মৃত্যু নেই
আগের ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছিল মাত্র ৪ জনের। কিন্তু গত একদিনে তা কিছুটা বেড়ে গেল। এই সময়ে দেশে করোনার ১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায়ও কেউ মারা যাননি। এ নিয়ে টানা ১৬ দিন কোভিড-১৯ এ মৃত্যুহীন রইল বাংলাদেশ।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারা আরো জানায়, গত একদিনে ৩ হাজার ৪৫৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৫৫টি নমুনা। ১৯ জন নতুন রোগী পাওয়া যাওয়ায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় শূন্য দশমিক ৫৫ শতাংশ।
করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ১৮ শতাংশ।
করোনায় এখন পর্যন্ত দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জন।
শেষ গত ২০ এপ্রিল করোনায় দেশে কারো মৃত্যু হয়েছিল। তার ফলে এই ভাইরাসে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। সব মিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন।