বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত ৫৪ জনের ৫১ জনই ঢাকার

মোহাম্মদ খাইরুল আমিন 07 জুন 2022, 06:36 বিকাল 485 বার পঠিত
শনাক্ত ৫৪ জনের ৫১ জনই ঢাকার

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই সময়ে আগের দিনের চেয়ে কিছুটা বেশি সংক্রমণ লক্ষ্য করা গেছে। শেষ একদিনে করোনায় শনাক্ত হয়েছেন মোট ৫৪ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৪৩ জন।

এই ৫৪ জনের মধ্যে ৫১ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকিরা কক্সবাজার, দিনাজপুর ও সিলেটের। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৩৮ জনের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। 

এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এটা ছিল শূন্য দশমিক ৯৯ শতাংশ। 

নতুন ৫৪ জনকে নিয়ে দেশে এখন শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪।

গত একদিনে করোনায় কারো মৃত্যুর খবর না পাওয়া যাওয়ায় এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা আগের মতো ২৯ হাজার ১৩১ জন রয়েছে। 

সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৫ জন। এ নিয়ে মোট ১৯ লাখ ৪ হাজার ৪৫৭ জন করোনা রোগী সেরে উঠলেন।