সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দক্ষিণ বঙ্গোপসাগর ও তার কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি শনিবার দুপুর ১২টার দিকে নিম্নচাপে রূপ নেয়। এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আজ আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ১৪২৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা বন্দর থেকে ১৪৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
আরো জানানো হয়, এটি ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।