শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

মোহাম্মদ খাইরুল আমিন 18 মে 2022, 11:44 দুপুর 219 বার পঠিত
সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে আগামি ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। 

আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মঙ্গলবার সম্রাটের জামিন বাতিলের বিষয়ে শুনানি হয় আদালতে। শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। এর আগে সোমবার হাইকোর্টে সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রিভিশনের আবেদন করে।

গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান সম্রাটের জামিন মঞ্জুর করেন। 

এটা ছিল সম্রাটের বিরুদ্ধ করা চার মামলার চতুর্থটির জামিন। অন্য তিনটিতে আগেই জামিন পাওয়ায় এর পর সম্রাটের মুক্তিতে আর বাধা থাকেনি। তিনি কারামুক্তি নিয়ে অবশ্য হাসপাতালেই আছেন এখনো।

ক্যাসিনো কেলেঙ্কারিতে খুব আলোচিত হয়েছিলেন সম্রাট। 

দুদকের মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। 

পরে বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেওয়া হয়।