সমিতির টাকা আদায় করতে হাজার মানুষ পথে
একটি সমবায় সমিতি থেকে পাওনা টাকা আদায়ের দাবিতে রাজধানীর রামপুরা থানার সামনে অবস্থান নিয়েছেন হাজার মানুষ। সমিতিরটি নাম গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ। এটির অবস্থান ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায়।
আজ বুধবার সকাল থেকে বিক্ষুব্ধ মানুষ মেরাদিয়ার রাস্তা অবরোধ করেন। এরপর তারা থানার সামনে অবস্থান নেন।
গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সমিতির মালিক মালিক আলাউদ্দিন হোসেন এটিকে সমবায় সমিতি হিসেবে পরিচালনা করছিলেন। ভূক্তভোগীরা জানিয়েছে, আলাউদ্দিন তাদের জমানো টাকা ফেরত দিতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন। সমিতিতে নিম্নবিত্তরা টাকা জমা রাখতেন।
গতকাল মঙ্গলবার পাওনা টাকার দাবিতে টাকা যারা জমিয়েছেন তারা গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভের কার্যালয়ের সামনে ভিড় জমান। এর পর আজ সকালে তারা মেরাদিয়ার রাস্তা অবরোধ করার পর রামপুরা থানার সামনে জড়ো হন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত আলাউদ্দিন হোসেন তাঁদের জিম্মায় আছেন। তারা পাওনাদারদের মামলা করার কথা বুঝাতে চাইছেন। কিন্তু তারা কিছুতেই তা বুঝতে চান না। তারা টাকা ফেরত চান।