বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্কুলছাত্রী অপহরণের অভিযোগে সময় টিভির সাংবাদিক গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল 03 অক্টোবর 2020, 03:49 দুপুর 253 বার পঠিত
স্কুলছাত্রী অপহরণের অভিযোগে সময় টিভির সাংবাদিক গ্রেফতার

নবম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনার নিজস্ব প্রতিবেদক মো: আবদুল আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রী বরগুনা পৌর শহরের এক বস্ত্র ব্যবসায়ীর মেয়ে।

শনিবার ভোর ৪টার দিকে মহিপুর থানা পুলিশ কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা পৌর শহরের হিন্দু ধর্মালম্বী এক বস্ত্র ব্যবসায়ী তার নবম শ্রেণী পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে শুক্রবার রাতে সদর থানায় সময় টিভির সাংবাদিক আবদুল আজীমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় বরগুনা থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে পর্যটন এলাকা কুয়াকাটা থেকে গ্রেফতার করেছে।

মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত সাংবাদিক আজিমের বিরুদ্ধে করা অপহরণ মামলার বিষয়টি বরগুনা পুলিশ আমাদের অবহিত করলে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারের পর বরগুনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। আসামী আজিম ও উদ্ধারকৃত ছাত্রীকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।