শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে ভয়াবহভাবে পানিবাহিত রোগ বাড়ছে

মোহাম্মদ খাইরুল আমিন 30 জুন 2022, 10:57 দুপুর 219 বার পঠিত
সিলেটে ভয়াবহভাবে পানিবাহিত রোগ বাড়ছে

সিলেট বিভাগ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে । বিভাগের মধ্যে সিলেট নগর জেলার ৮০ শতাংশ এবং সুনামগঞ্জ জেলার ৯০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে।

জানা যায় গত ৩/৪ দিন বন্যার পানি নামতে শুরু করায় অনেকটা স্বস্তি ফিরেছে জনমনে। তবে প্লাবিত এলাকাগুলোয় এখনো পানিবন্দী মানুষ। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া বেশিরভাগে বাড়ি ফিরেছে। আর এলাকায়গুলোতে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ।
 
 এখন ঘুরে দাঁড়ানোর পাশাপাশি লড়তে হচ্ছে রোগজীবাণুর সঙ্গে। এ অবস্থায় মঙ্গলবার (২৮ জুন) রাতে ও বুধবারের (২৯ জুন) ভারী বর্ষণে ফের বন্যা অবনতির আশঙ্কার আতঙ্কে সিলেটবাসী।

বিভাগের বন্যাকবলিত এলাকাগুলোতে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। পানি নামতে শুরু করায় দেখা দিয়েছে ডায়রিয়া-চর্ম, চোখের প্রদাহ, দূষিত পানিতে গ্যাংগ্রিনসহ নানা রোগ।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি আসছেন। ডায়রিয়া আক্রান্তের মধ্যে শিশুরাই বেশি। এ পর্যন্ত বিভাগে উপদ্রুত এলাকাগুলোতে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৪ হাজারের অধিক মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, বন্যার ভয়াবহতা অনুসারে রোগাক্রান্তের সংখ্যায় অনেকটা স্বস্তিদায়ক বলা চলে। যেভাবে মানুষ বন্যাক্রান্ত হয়েছে মানুষ, তাতে হাসপাতালগুলোতে রোগীদের চাপ সামাল দেওয়া মুশকিল হবে ধারণা ছিল। সেটা অবশ্য হয়নি।

তিনি বলেন, বন্যার পানি কমতে শুরু করায় পানিবাহিত রোগ দেখা দিয়েছে। তাই মানুষকে সুরক্ষা দিতে বন্যাকবলিত এলাকাগুলোয় ৪৩০টি মেডিক্যাল টিম কাজ করছে। আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওষুধও মজুত রয়েছে পর্যাপ্ত।

তাঁর দেওয়া তথ্যমতে, ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে এদিন সিলেটে ৪৪ জন, সুনামগঞ্জে ১৩৮ জন, হবিগঞ্জে ৭৬ জন এবং মৌলভীবাজারে ৫৩ জন ভর্তি হয়েছে। সেসঙ্গে বহিঃবিভাগে চর্ম রোগের চিকিৎসা নিয়েছে ১২০ জনে।

সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত  বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৪৪ জন, আগেরদিন ৪৬ জন ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ভর্তি রোগী ২১৯ জন। আক্রান্তদের বেশিরভাগ কোম্পানীগঞ্জ উপজেলার।

সুনামগঞ্জের সিভিল সার্জন আহমদ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলায় ১৮২ জন ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। তার মধ্যে সব চেয়ে বেশি সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ জন। অন্যরা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।