শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা

মোহাম্মদ খাইরুল আমিন 19 জুন 2022, 03:20 দুপুর 240 বার পঠিত
সিলেটে বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উপর সক্রিয় মৌসুমী বায়ূর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।   

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রবল বজ্রপাতসহ ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আজ রোববার থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে শুরু করবে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে থাকবে। তবে সেসব অঞ্চলেও থেমে থেমে বৃষ্টি হবে।

তিনি আরও বলেন আজ থেকে উপকূলীয় এলাকায় বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে। এছাড়া ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভার বষর্ণ হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে । এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ ৩০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া তেঁতুলিয়ায় ৯৪, কক্সবাজারে ৮৪, সীতাকুন্ডে ৭৫, রাঙ্গামাটি ৬৭, কুতুবদিয়ায় ৫৯, নিকলি ৫২ ও টেকনাফে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সীতাকুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশ ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দমমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার  বেগে বাড়তে পারে । সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ১১ মিনিটে।