শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে বৃষ্টি বেড়েছে,বাড়বে সারাদেশেও

মোহাম্মদ খাইরুল আমিন 18 জুলাই 2022, 08:31 সকাল 541 বার পঠিত
সিলেটে বৃষ্টি বেড়েছে,বাড়বে সারাদেশেও

আবহাওয়া অফিস জানিয়েছে ,সিলেটে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত বেড়েছে। এ সময়ে সেখানে বৃষ্টিপাত হয়েছে ১৭৮ মিলিমিটার।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আরও জানায় ,আগামী ২০ জুলাই থেকে সিলেটের মতো দেশজুড়ে বৃষ্টি বাড়বে।  রোববার রাতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়ছে। গত রাত থেকে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়েছে। সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি ২০ জুলাই থেকে সারাদেশে বৃষ্টি বাড়বে। এতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।
 
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ গত দুদিন ধরে কমে আসছে। আবহাওয়ার আজকের পূর্বাভাসে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের অঞ্চল কমে যাচ্ছে। আগামী দুদিনে তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেটে সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেটে গতকাল রাত থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।