বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেট রেলওয়ে স্টেশনও বন্ধ ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন 18 জুন 2022, 03:26 দুপুর 261 বার পঠিত
সিলেট রেলওয়ে স্টেশনও বন্ধ ঘোষণা

সিলেটের বিমানবন্দর বন্ধ হয়েছে আগে। বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান। এরপর সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবারের বন্যা সর্বগ্রাসী। বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট রেলওয়ে স্টেশনও। তাই স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সারা দেশের সঙ্গে বন্যায় আক্রান্ত সিলেটের রেল যোগাযোগও বন্ধ হয়ে গেল। 
সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম আজ শনিবার দুপুরে জানিয়েছেন, রেললাইন তলিয়ে যাওয়ায় আপাতত সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ থাকবে। 

আজ সকালে অবশ্য এই স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘কালনী এক্সপ্রেস’ ও ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেন ছেড়ে গেছে।

আপাতত সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন ও মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন ট্রেন চলাচল করতে পারে। বন্যার অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে বলে জানা গেছে। 

এর আগে বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠান সব বন্ধ হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কতোটা ভয়াবহ আকার নিয়েছে তা বোঝা যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দেওয়া এক তথ্যে। কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে পানি উঠে গেছে। পিডিবি সূত্রে জানা গেছে, এই কারণে উপকেন্দ্র তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সুতরাং, সিলেট ও সুনামগঞ্জ এখন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।   

আজ শনিবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানিয়েছেন, ‘‘পানি উঠে যাওয়ায় আপাতত উপকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ গ্রিড বন্ধ হয়ে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলা এখন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেল।’’

কুমারগাঁও ১৩২/৩৩ কেভি এ গ্রিড উপকেন্দ্র থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বেশকটি উপজেলা বিদ্যুৎহীন হয়ে ছিল। এছাড়া এই দুই জেলা এখন মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে গেছে।