শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে সেপ্টেম্বর থেকে জোরালো আন্দোলন
নাগরিক ঐক্যের আহবায়ক, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশ্যে বলেছেন, নাটক না করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। তা না হলে সেপ্টেম্বর থেকে সারাদেশে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য ফোরাম আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ একথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সব ছাত্র সংগঠন, সব শিক্ষক সমাজ, অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বলছেন। অভিভাবকদের অনেকেই অভিযোগ করেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে তাদের ছেলে-মেয়েরা পড়ালেখা করে না। ঘরের দরজা-জানালা বন্ধ করে কম্পিউটার নিয়ে বসে থাকে, কি করে জানা যায় না। তাদের মন মেজাজ ভাল না, তাদের সঙ্গে কথা বলা যায় না। এতে কিশোর শিক্ষার্থীরা বিপথে চলে যাচ্ছে। বাংলাদেশ সম্ভবত একমাত্র দেশ যেখানে করোনার কারণে দেড় বছর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তিনি বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আসছি। আমি বলছি, আজকে এই মুহ‚র্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। তালিবালি করে লাভ নাই। সরকার বলছে, টিকা দিয়ে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। টিকা তো দিচ্ছেন না। টিকা আপনাদের কাছে নাই।
মান্না বলেন, সরকার বললো- গণটিকা দেবে, একদিন নাটক করার পর বললো টিকা আমাদের কাছে নাই। দুনিয়ার সব বড় বড় টিকা উৎপাদনের প্রতিষ্ঠান বলছে- বিক্রি করার মতো টিকা আমাদের কাছে নাই। তাহলে সরকার টিকা পাবে কোথেকে।