শিবির গুপ্ত সংগঠন: ছাত্রদল সভাপতি
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফরম বিতরণ কর্মসূচিতে সংগঠনের সভাপতি রাকিব ইসলাম অভিযোগ করেন, শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থানে ছিল এবং জুলাই আন্দোলনের সময় সামনে আসেনি।
তিনি বলেন, “শিবির হলো গুপ্ত সংগঠন। যারা ছাত্রলীগের আশ্রয়ে ছিল, আন্দোলন ব্যর্থ হলে তারা কি নিজেদের পরিচয় প্রকাশ করতো?”ছাত্রদল সভাপতি আরও বলেন, “ছাত্রদল সব সময়ই আন্দোলনে সক্রিয় ছিল। যদি আন্দোলন ব্যর্থ হতো, তাহলে আমাদের প্রতিটি নেতাকর্মীকে জেলে থাকতে হতো।”
তিনি আরও দাবি করেন, বিগত ১৬ বছর ধরে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছে, অথচ ছাত্রদল বরাবরই মাঠে সক্রিয় ছিল।অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “জুলাই আন্দোলন সব দল একসঙ্গে করেছে। কিন্তু এখন একটি গোষ্ঠী এককভাবে এর কৃতিত্ব দাবি করে ক্ষমতায় বসেছে। বিপ্লবকে হাইজ্যাক করে নিজেদের শর্তে দেশ পরিচালনার চেষ্টা চলছে, যা এক ধরনের স্বৈরাচারী পদ্ধতি।”
ছাত্রদলের এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।