বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
সংস্কৃতি

শেষ হলো বইমেলা ২০২৫, আবার দেখা হবে এক বছর পর

মোহাম্মদ খাইরুল আমিন 01 মার্চ 2025, 11:15 দুপুর 193 বার পঠিত
শেষ হলো বইমেলা ২০২৫, আবার দেখা হবে এক বছর পর

মাসব্যাপী প্রাণের মেলা শেষ হলো। বইপ্রেমী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বাংলা একাডেমির বইমেলা শেষ হয়ে যাওয়ায় কাল থেকে শুরু হবে অপেক্ষার প্রহর। এক বছর পর আবার এই মেলা প্রাঙ্গণে মিলিত হবে পাঠক, লেখক, প্রকাশক ও দর্শনার্থীরা। গল্প, আড্ডা আর বইয়ের আলোচনায় মেতে উঠবে বইপ্রেমীরা।

আজ ছিল বইমেলার শেষ দিন। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে বইপ্রেমীরা ভিড় জমিয়েছেন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। কেউ ছবি তুলেছেন, কেউ বই কিনেছেন, কেউবা বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন। সবাই দিনটিকে উপভোগ করেছেন নিজেদের মতো করে।

শেষ দিনে সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয় বইমেলা। এদিন নতুন বই এসেছে ৩৩৫টি, আর মাসব্যাপী মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৩ হাজার ২৯৯টি।

বইমেলায় দর্শনার্থীদের অনুভূতি
শেষ দিনে বইমেলায় আসা সবুজ মোল্লা জানান, এবারের মেলা ছিল অনেকটাই গোছানো এবং স্টলের সংখ্যাও ছিল বেশি। তিনি শেষ দিনে প্রিয় লেখকদের বই সংগ্রহ করেছেন এবং আশা করছেন, আগামী বছর আরও সুন্দর বইমেলা অনুষ্ঠিত হবে।

আরেক বইপ্রেমী রাব্বি হোসেন বলেন, এবারের মেলা যেন খুব দ্রুত শেষ হয়ে গেল। তিনি ১৭টি নতুন বই সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ১৯৭১-এর গণঅভ্যুত্থান, বিশ্বরাজনীতি এবং বিভিন্ন গল্পের বই।

সাহিত্য পুরস্কার ঘোষণা
বইমেলায় বিভিন্ন ক্যাটাগরিতে লেখক ও প্রকাশকদের স্বীকৃতি প্রদান করা হয়েছে।
কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন কবি আল মুজাহিদী।
সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪ পেয়েছেন অধ্যাপক হান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালি সাহা।

গুণীজন স্মৃতি পুরস্কার ২০২৫
বাংলা একাডেমি পরিচালিত চারটি স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে।
চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০২৫ পেয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশ।
মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৫ পেয়েছে পাঠক সমাবেশ, ঐতিহ্য এবং কথাপ্রকাশ।
রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ২০২৫ পেয়েছে কাকাতুয়া প্রকাশনী।

ভবিষ্যৎ পরিকল্পনা
বইমেলার সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মেহাম্মদ আজম বলেন, আমরা চেষ্টা করেছি বইমেলার বিভিন্ন সমস্যার সমাধান করতে। কিছু ক্ষেত্রে সফল হয়েছি, কিছু ক্ষেত্রে এখনো কাজ বাকি। এবারের বইমেলায় প্রকাশকদের সংখ্যা বেড়েছে।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলনের চেতনাবহ মাস। অমর একুশে বইমেলা ভাষা শহীদদের স্মৃতি ধরে রাখার অন্যতম মাধ্যম।