শেখ হাসিনা ‘পদত্যাগ’ করেছেন, উপদেষ্টা পরিষদ ‘নিশ্চিত
দেশ ছেড়ে যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে দাবি করেছেন, সেটির বিপরীত বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি ‘কাগজেকলমে পদত্যাগ’ করেছেন কি না, এমন প্রশ্নে রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমি যেটুকু জানি, সেটা আপনাকে বলছি। কাউন্সিলের মিটিংয়ে আমি যেটা জানতে পেরেছি, সেটা হল যে, তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে।
”এটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। তারপরে বাকিটুকু আমি বলতে পারব না।”
পদত্যাগের কাগজপত্রের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়ে এই উপদেষ্টা বলেন, “আপনারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশ্ন করে হয়ত জানতে পারবেন। কারণ, প্রধানমন্ত্রীর পদত্যাগ অনুমোদনের পর তার ফাইনাল কাস্টডিয়ান হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।”
‘হত্যাকাণ্ডের’ বিচারের অংশ হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর পদক্ষেপের বিষয়ে এক প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব নেওয়া সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, “এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, আমি দেব। পররাষ্ট্র সচিব একটা চিঠি পাঠিয়ে দেবেন।”