শীতকালে বাড়তে পারে করোনার প্রভাব: প্রধানমন্ত্রীর সতর্কবার্তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতের আগমনে সতর্ক করলেন দেশবাসীকে। দেশে আবার করোনাভাইরাস প্রভাব বিস্তার করতে পারে সেজন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক ব্যবহারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, দেখা যাচ্ছে যখনই আবার শীতকাল আসছে পৃথিবীর সব দেশেই কিন্তু আবার করোনাভাইরাস দেখা দিচ্ছে। ইউএসএ, ইংল্যান্ড বা ইউরোপের দেশগুলোতে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। কাজেই বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, শীতকাল আসলেই একটু ঠাণ্ডা লাগে, সর্দি, কাশি হয়। আর এটা হলেই এই করোনাভাইরাসটা আমাদের সাইনাসে গিয়ে বাসা বানাতে পারে। কাজেই, সেইদিকে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে এবং খাদ্য তালিকায় ‘ভিটামিন সি’ যাতে একটু বেশি থাকে এবং যাতে ঠাণ্ডা না লাগে সেদিকে নজর দিতে হবে।
তিনি এ সময় মৌসুমি ফলমূল, শাকসবজি এবং তরি-তরকারি বেশি করে খাবার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক অনুষ্ঠানে শীত মৌসুমের আগে তার ত্রাণ গুদামের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)-র দুঃস্থদের জন্য ২৬ লাখ ৪৫ হাজার কম্বল গ্রহণকালে দেওয়া ভাষণে এসব কথা বলেন।