সীমান্তবর্তী অঞ্চলে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড
দেশের বিভিন্ন জেলা-উপজেলায় করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। জেলা ভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা প্রতিদিন কোন কোন জেলায় একদিনে মৃত্যু কিংবা শনাক্তের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে একদিনে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ১২, চুয়াডাঙ্গায় ৯, ঝিনাইদহে ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বাগেরহাটে সংক্রমণের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ ও নোয়াখালীতে ২৬ দশমিক ৫ শতাংশ।
চট্টগ্রাম ব্যুরো জানায়, করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৩৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৫০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ২৪ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় ২৪ ঘণ্টায় মৃত্যু এবং সংক্রমণের হার কিছুটা কমেছে। আগের দিন সোমবার আক্রান্তের হার ছিল ২৭ শতাংশ। ওইদিন মারা গেছেন সাত জন।