সাগরে ফের লঘুচাপ, নদীবন্দরে সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে ফের লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে এবং দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয়র কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বর্ষণের আভাস দেয়া হয়েছে।
এক্ষেত্রে কোথাও কোথাও ভারী বর্ষণের সাথে ঝড়ও বয়ে যেতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেতও দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।