শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ তিনজনের ৪ দিনের রিমান্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 20 নভেম্বর 2026, 10:50 দুপুর • 8 বার পঠিত
সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ তিনজনের ৪ দিনের রিমান্ড

ঢাকার ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালকে চার দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুক্রবার বিকালে এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর মো. সেলিম রেজা এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুরকে এবং আজিমপুরের ইরাকি মাঠ থেকে তমালকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।

এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার তিনজন ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য মিলেছে। এ ছাড়া তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।

আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন।

আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।