রূপালী ইলিশের আকাশছোঁয়া দাম
রূপালী ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সবার নাগাল পাওয়ার কথাও নয়, কারণ এক কেজির একটি ইলিশ কিনতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে দেড় হাজার টাকা। এ পরিমান টাকা নিম্ন আয়ের একটি ছোট দরিদ্র পরিবারের প্রায় এক মাসের চালের খরচ। তাই খুলনায় রূপালী ইলিশ যেন এখন সোনার হরিণ। এদিকে বাজারে ইলিশ নেই, তা বলা যাবে না। বিভিন্ন আকারের ইলিশের ছড়াছড়ি। রয়েছে বরিশালের সুস্বাদু গোলগাল ইলিশ, চট্টগ্রামের লম্বাটে ইলিশ। কিন্তু দাম আকাশ ছোঁয়া। গতকাল রোববার খুলনার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
খুলনার রূপসা নতুন বাজারে দেখা গেছে, কেজি খানেক ওজনের ইলিশ ১৩শ› থেকে ১৪ শ› টাকা দাম রাখা হচ্ছে। কেজির ওপরে ইলিশ দেড় হাজার টাকা। ৬শ› থেকে ৭শ› গ্রামের মাঝারি ইলিশ ৭শ› টাকা কেজি। ৫শ› গ্রামের নীচের ইলিশ ৪শ› থেকে ৫শ› টাকা কেজি। এই বাজারের মাছ বিক্রেতা এমদাদ হোসেন জানান, পাইকারি দাম বেশি, তাই খুচরা বাজারেও দাম বেশি।