রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার
বাংলাদেশে পালিয়ে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেবে বলে সম্প্রতি আবারো চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপের সময় এ কথা বলেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির উন্নতির পর রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে দ্রুত আলোচনায় বসবে মিয়ানমার। চীন রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে।
চীনকে মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবে। মিয়ানমারের নির্বাচনের পর প্রথমত রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরবর্তীতে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেয়া হবে বলে ড. মোমেনকে আশ্বস্ত করেন ওয়াং ই।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ঢাকায় প্রস্তুতিমূলক সিনিয়র কর্মকর্তা পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক দ্রুত শুরু করার ওপর গুরুত্বারোপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
চীনের করোনা ভ্যাকসিন বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলেও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে জানান ওয়াং ই। করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের সঙ্গে চীন কাজ করতে আগ্রহী বলেও উল্লেখ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
আরো জানুন >>>রোহিঙ্গাদের নিয়ে আলোচনায় বসছে আন্তর্জাতিক সম্প্রদায়