বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজশাহীতে হোটেল কক্ষ থেকে নারীর লাশ উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন 18 এপ্রিল 2022, 11:34 দুপুর 407 বার পঠিত
রাজশাহীতে হোটেল কক্ষ থেকে নারীর লাশ উদ্ধার

এক যুবকের সঙ্গে নাম পরিচয় গোপন করে মিথ্যে পরিচয় দিয়ে হোটেলে ওঠেন ওই নারী। পরিচয় দিয়েছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু স্বামী পরিচয় দেওয়া যুবক এক সময় হোটেল রুমের বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে যায় আর ফেরে না। হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশ এসে হোটেলের ওই বন্ধ রুম থেকে নারীর লাশ উদ্ধার করে। 

ঘটনাটি ঘটেছে রাজশাহীর একটি আবাসিক হোটেলে। পুলিশের ধারণা, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নগরীর লক্ষ্মীপুরের ড্রিম হেভেন নামের একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। রোববার রাত ১২টার দিকে হোটেলের ৪০৩ নম্বর কক্ষে পাওয়া গেছে ওই নারীর লাশ। 

রাজপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তারপর লাশ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

জানা যায়, রোববার সকালেই ওই নারী এক যুবকের সঙ্গে হোটেলে ওঠেন। স্বামী-স্ত্রী হিসেবে তারা পরিচয় দেন। হোটেল রেজিস্ট্রারে নারীর নাম লেখা ছিল জুলেখা। বয়স লেখা ২৩। তার সঙ্গীর নাম লিপিবদ্ধ হয়েছে মিজান নামে। বয়স বলা হয়েছে ২৭। দুজনেরই বাড়ি গোদাগাড়িতে বলে উল্লেখ করা। 

কিন্তু লাশ উদ্ধারের পর নারীর ব্যাগ তল্লাশি করে ভিন্ন তথ্য পায় পুলিশ। তারা চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি থেকে জানতে পারে মৃত নারীর নাম আসলে জয়নব বেগম। তার বয়স ৪১। বাড়ি নাটোরে। 

হোটেল কর্তৃপক্ষ জানায়, স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ওই নারী ও পুরুষ হোটেলে রুম নেন। কিন্তু দুপুরে কক্ষটিতে তালা মেরে যুবক বাইরে যায়। রাত হয়ে গেলেও তিনি আর ফেরেননি। তাতে সন্দেহ জন্মে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। 

পুলিশের ধারণা, হোটেলে ডেকে এনে জয়নব বেগমকে হত্যা করেছে মিজান। মিজান নাম ব্যবহার করা ওই যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে।