শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজশাহীতে গোপনে চিকিৎসাধীন ‘ককটেল কারিগর’ আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 27 নভেম্বর 2026, 08:08 সকাল • 4 বার পঠিত
রাজশাহীতে গোপনে চিকিৎসাধীন ‘ককটেল কারিগর’ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত হয়ে পালিয়ে রাজশাহীতে চিকিৎসা নেওয়া একজনকে আটক করা হয়েছে। তিনি ককটেল তৈরির কারিগর বলে দাবি এসআরবি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।

আটক নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। সেখানে তার একটি চায়ের দোকান রয়েছে। এসআরবির দাবি, নাজমুল নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গেও জড়িত।

এর আগে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় একটি ভুট্টাক্ষেতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগের এক কর্মী নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টমাস আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের ঘনিষ্ঠজন ছিলেন।এ বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান, যাদের মধ্যে নাজমুলও ছিলেন।

এসআরবি জানায়, আহত অবস্থায় নাজমুল প্রথমে রাজশাহী নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে তেরোখাদিয়া পশ্চিমপাড়ায় পূর্বপরিচিত এক নারীর ভাড়া বাসায় আশ্রয় নেন।

খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাসাটিতে অভিযান চালান এসআরবি সদস্যরা। তখন নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। পরে তাকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।

বাসার ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাদের পূর্বপরিচিত। বুধবার ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তার স্ত্রী তাকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর তারা গ্রামের বাড়িতে চলে যাবেন বলে জানিয়েছিলেন।

কিন্তু বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দিয়ে যান। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাড়িটি ঘিরে ফেলেন।

ওই নারী আরও দাবি করেন, নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল স্বীকার করেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তাকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে এবং সুস্থ হলে আদালতে তোলা হবে বলেও জানান এ কর্মকর্তা।