রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩ জন
ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়।
এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৭৬ পিস ইয়াবা, ২৫৪ গ্রাম হেরোইন, ২৪ কেজি ২০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক কেনা-বেচা ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।