বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে কিশোর অপরাধ

অনলাইন নিউজ পোর্টাল 24 নভেম্বর 2020, 04:01 দুপুর 160 বার পঠিত
প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে কিশোর অপরাধ

কোনো কিশোর গ্যাংয়ের সন্ধান না পাওয়া গেলেও বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা ছড়িয়ে পড়েছে শিশু-কিশোরদের মধ্যে। মাদক, জুয়া ও চুরি-ছিনতাই থেকে শুরু করে খুন-ধর্ষণের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে যমুনাপাড়ের শিশু-কিশোরেরা।

অবাধ প্রযুক্তির অপব্যহারেই কিশোর অপরাধ বাড়ছে বলে সচেতন মহল মনে করছে। 
জেলার ১১টি থানায় খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরে বিভিন্ন অপরাধে মোট ৪৮টি মামলায় ৬১ জন শিশু-কিশোরকে আসামি করা হয়েছে। এসব মামলার বেশিরভাগই তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়া।  

সংঘর্ষ ও মারামারির ঘটনায় ১০ মাসে সর্বোচ্চ ২৪টি মামলায় ৩৪ জন কিশোরকে আসামি করা হয়েছে। এসব মামলার অধিকাংশেরই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা। ধর্ষণ, অপহরণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা ১২ মামলায় আসামি রয়েছে ১৩ কিশোর। এর মধ্যে বেশিরভাগ মামলারই অভিযোগপত্র দাখিল হয়েছে। এছাড়াও মাদক, চুরি ও ছিনতাই সরকারি কাজে বাঁধাদানের অভিযোগেও একাধিক কিশোরের নামে মামলা রয়েছে।  

অপরদিকে সমাজসেবা অফিস সূত্র জানিয়েছে, দু’টি হত্যা মামলার আসামি হিসেবে দু’জন কিশোর বর্তমানে জেলহাজতে রয়েছে।  

অনুসন্ধানে জানা গেছে, জেলা শহরের যমুনার ক্রসবার বাঁধ এলাকায় হোসেনপুর, দত্তবাড়ী, গয়লা, একডালা ও রানীগ্রাম মহল্লায় মাঝে মধ্যেই তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ বাধে। এসব সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্রও ব্যবহার করা হয়। এতে ১৪-১৭ বছরের শিশু-কিশোররাই বেশি জড়িয়ে পড়ে। ফেসবুকে পোস্ট দেওয়া, মন্তব্য করা নিয়েও হামলা, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।  

শহর ও শহরতলীর গ্রামগুলোর অনেক শিশু-কিশোররা ইয়াবা-ফেন্সিডিল, ড্যান্ডির মতো মরণ নেশায় আসক্ত হচ্ছে। এসব মাদকের টাকা জোগাড় করতে তারা ছিনতাই ও চুরির মতো ঘটনাতেও জড়িয়ে পড়ছে তারা। সম্প্রতি সদর উপজেলায় মাদকের টাকা না দেওয়ায় নিজের নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।