প্রতিবছর জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত
জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য প্রতি বছর ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বিষয়টির অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতি বছর ১৬ জানুয়ারিকে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা এতে নীতিগত সম্মতি দিয়েছে যে- একটি দিবসকে স্থানীয় সরকার দিবস হিসেবে প্রতিপালন করা উচিত। তারিখ এখনো নির্ধারিত হয়নি। স্থানীয় সরকার বিভাগ পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে তারিখ নির্ধারণ করবে।
তবে মূল উদ্দেশ্য থাকবে ঐ নির্দিষ্ট দিনে সব স্থানীয় সকার প্রতিষ্ঠান এটা পালন করবে যেন জনসচেতনতা তৈরি হয় এবং স্থানীয় সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তাদের তথ্য যেন আরো বেশি প্রকাশিত হয়।