পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ছে ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন
২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের ব্যবধানে গ্রেডভেদে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ বৃদ্ধিকে শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে মূল বেতনের বাইরে অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে এবং মাস শেষে তাদের মোট আয় আরও বাড়বে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা।
তাদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক।এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে শ্রমিকদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।
তাই তাদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং নৈতিক ও সম্মিলিত দায়িত্ব।মাহ্দী আমিন বলেন, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এ ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মজুরি কাঠামোর তথ্য তুলে ধরে তিনি জানান, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। সে হিসাবে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।
গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।
গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।
অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর অধীনে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। এ হিসাবে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।
মাহ্দী আমিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। একই সঙ্গে শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে শ্রমিকরা ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন; উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন; বেকারত্ব না বেড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
মাহ্দী আমিন বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো প্রণয়নের জন্য মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
শ্রমিক ও মালিকদের প্রতি আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখতে হবে। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।