পদ্মায় চলন্ত ফেরিতে আগুন
আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করতেই পদ্মায় চলন্ত ফেরি বেগম রোকেয়ায় অগ্নিকাণ্ডে কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোর পৌনে ৫টায় ফেরিটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিরকান্দির উদ্দেশে ছেড়ে যায়।
জানা গেছে, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরিটি মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করতেই লেলিহান শিখা চোখে পড়ে। ফেরির পাম্প কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেরির চালক দ্রুত চালিয়ে নিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে ভিড়িয়ে যানবাহন নামিয়ে দেয়।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, চলন্ত ফেরির একটি তালাবদ্ধ কেবিন থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুণ নিয়ন্ত্রণ করা হয়। ফেরিটি মাঝিরকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। সেটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসারও প্রস্তুতি নিচ্ছে।