শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু

মোহাম্মদ খাইরুল আমিন 20 আগস্ট 2022, 02:13 দুপুর 448 বার পঠিত
পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হলো। আজ শনিবার দুপুর ১২টার দিকে রেললাইন বসানোর এই কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কাজ শুরু হয়েছে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে। 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কার্যক্রম উদ্বোধন করে বলেছেন, ‘‘আজ থেকে রেললাইন বসানোর কাজ শুরু হলো। আশাকরি আগামী চার মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজ শেষ হবে।’’ তিনি আরও জানান, পদ্মা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ৬টি রেল চলবে।

পদ্মা সেতু সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরুর লক্ষ্য আগামী বছরের জুনে। সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। অবশ্য এই কাজ চলার সময় সেতুর ওপরের যানবাহন চলা বন্ধ থাকবে না। তবে গাড়ির গতিমাত্রা কিছুটা কমানো হতে পারে। 

পরিকল্পনা অনুযায়ী প্রথমে ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

২০১৮ সালে পদ্মা সেতু ও এর দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয়। অবশ্য এই প্রকল্প নেওয়া হয় ২০১৬ সালে। পরিকল্পনা ছিল অন্যান্য যানবাহনের পাশাপাশি একই দিনে রেল চালু করার। কিন্তু কিন্তু রেললাইন বসানোসহ অবকাঠামো নির্মাণের কাজ পিছিয়ে আছে। 

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন, স্টেশন, অন্য অবকাঠামো নির্মাণ হবে। এ প্রকল্পে অর্থায়ন করছে চীন। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। 

৪ আগস্টে পাওয়া শেষ তথ্য অনুসারে, ঢাকা থেকে মাওয়া অংশের কাজ শেষ হয়েছে ৬২ শতাংশ।  মাওয়া থেকে ভাঙ্গা অংশের কাজ ৮১ শতাংশ হয়েছে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের কাজ শেষ হয়েছে ৫২ শতাংশ।