শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধন ২৫ জুন

মোহাম্মদ খাইরুল আমিন 24 মে 2022, 02:07 দুপুর 201 বার পঠিত
পদ্মা সেতুর উদ্বোধন ২৫ জুন

আগামী ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু চালু হবে। এদিন থেকেই যানবাহন চলবে সেতুর ওপর দিয়ে। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। 

আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কথা জানিয়েছেন। তিনি আরো জানান, এ সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে। এর আগে আওয়ামী লীগের মধ্যে সেতুটির নাম শেখ হাসিনার নামে করার দাবি উঠেছিল। প্রধানমন্ত্রী তাতে রাজি না বলেও জানিয়েছিলেন ওবায়দুল কাদের। 

আজ দুপুরে বহুমূখী পদ্মা সেতুর উদ্বোধন এবং এর নামকরণের বিষয়ে সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবন যান ওবায়দুল কাদের। সবকিছু দেখেশুনে ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে বের হয়ে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ‘‘বহু প্রতীক্ষিত পদ্মা সেতু, সেটা কবে উদ্বোধন হবে জানার আগ্রহ সবার মধ্যে। সেই সুসংবাদ আপনাদের দিচ্ছি। ২৫ জুন শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন।”

তারা দুটি সামারি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। একটিতে প্রদানমন্ত্রী সই করেছেন। অন্যটিতে করেননি। সে কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘‘আমরা দুটো সামারি নিয়ে এসেছিলাম। একটি সামারি উদ্বোধন। তিনি তারিখ দিয়ে সই করেছেন ২৫ জুন। আরেকটি সামারি, সেটাতে তিনি স্বাক্ষর করেননি।’’

এর সাথে জানান, ‘‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ‘পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে। এটা আমি অন্য কারো নামে দেব না। বঙ্গবন্ধু পরিবারের কারো নামেও হবে না’।”