শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে

মোহাম্মদ খাইরুল আমিন 01 মে 2022, 02:46 দুপুর 374 বার পঠিত
পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে

শুক্রবার থেকে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হলেও এই কয়দিন মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে খুব একটা মানুষের চাপ দেখা যায়নি। তবে আজ রোববার সকাল থেকে পরিস্থিতিতে পরিবর্তন দেখা গেছে। মানুষের চাপ বেড়েছে।

সকাল হতেই পাটুরিয়া ঘটে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ বেড়ে যায়। তবে বেলা গড়ানোর সঙ্গে অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। সকালে যেখানে ৩/৪ কিলোমিটার পর্যন্ত থেমে থাকা গাড়ির সারি দেখা গেছে দুপুরে সেটা বদলে কিলোমিটার খানেকের মতো দাঁড়িয়েছে। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, গাড়ি ও যাত্রীর চাপ থাকলেও পর্যাপ্তসংখ্যক ফেরি আছে। সবকটা ঘাটও সচল আছে। তাই সুচারুভাবে ঝামেলাহীন অবস্থায় ঘাট থেকে যাত্রী ও গাড়ি পার করা হচ্ছে। তার দাবি, যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন না। 

দেশের দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাধ্যমে ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করে। প্রতি বছর ঈদের সময় এই পথে মানুষের স্রোত নামে। কখনো কখনো মানুষ আর যানবাহনের চাপে বিপর্যয় নেমে আসে। 

এবারের চিত্রটা গত কয়েক বছরের কিংবা করোনাভাইরাস পূর্ববর্তী সময়ের চেয়ে ভিন্ন। গতকাল শনিবারও গাবতলী থেকে দূরপাল্লার বাসের কাউন্টারগুলো খালি দেখা গেছে। মহা সড়কে বড় গাড়ির চাপ ছিল কম। তাই পাটুরিয়া ঘাটেও এই কয়দিন বেশি ছিল ছোট গাড়ির পারাপার। 

তবে আজ রোববার সকাল থেকে ফেরি, লঞ্চ সবকিছুর ওপর চাপ বেড়েছে। দূরপাল্লার বাসগুলো বেড়েছে। সেই সাথে বেড়েছে শেষ সুযোগে বাড়ি ফেরা মানুষের সংখ্যা। তারা অনেকে ভেঙে ভেঙে বাড়ি ফিরছেন। এক গাড়িতে ঘাটে এসে নদী পার হয়ে অন্য গাড়ি ধরছেন ওপার থেকে। 

সকাল থেকে ফেরির ওপর চাপ সৃষ্টি হয়। তাই দূরপাল্লার বাসগুলো এসেই ফেরি পায়নি। তাদের অপেক্ষা সময়ের সঙ্গে দীর্ঘ হয়েছে। দেখতে দেখতে প্রায় ৩ কিলোমিটার জুড়ে বাসের সারি হয়ে গেছে। দুপুরের আগে অবশ্য জ্যামের এই বিস্তৃতি কমে। 

দুই তিন, পাঁচ ঘণ্টা করে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। প্রচণ্ড গরমে বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট পেতে দেখা যাচ্ছে। 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তারপরও পেরে ওঠা যাচ্ছে না। ঘাটতি থেকে যাচ্ছে। সবগুলো ঘাট সচল আছে। তবু এই সময়ে চাপের সঙ্গে জিতে ওঠা যাচ্ছে না।