পাকুন্দিয়া আগুনে পুড়ল তুলার গুদাম
মোহাম্মদ খাইরুল আমিন
•
31 আগস্ট 2022, 10:04 দুপুর
•
416 বার পঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজারে গত মঙ্গলবার রাতে ভয়াবহ আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। এই আগুনে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
ব্যবসায়ী আবুল হোসেনের তুলার গুদামে এ ঘটনা ঘটে। তবে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস।
এদিকে স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে হঠাৎ তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আগুন নেভানোর কাজে অংশ নেন পাকুন্দিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে তুলাসহ পুরো গুদামঘর পুড়ে যায়।
জানা যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। আগুনে তার গুদামে থাকা ৫০ মণ তুলা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তুলা প্রক্রিয়াজাতকরণ একটি মেশিন। এতে তার তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।