অগাস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
আগের দুই মাসের মত অগাস্টেও জ্বালানি তেলের দাম বদলাচ্ছে না সরকার।
আগামী মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এখনকার দরে বিক্রি হবে।
জুন থেকে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫, পেট্রোল ১৪০ এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ।
এর আগে গত ১ জুন ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা অপরিবর্তিত রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। পরে জুলাইয়ে সেই দাম অপরিবর্তিত রাখা হয়।
২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এ পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণের কথা বলা হয়।
দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয়, শুল্ক-কর, ডলারের বিনিময় হার, বিপিসির মার্জিন, ভ্যাট ও বিতরণ ব্যয়ের মতো বিষয় বিবেচনায় নেওয়া হয়।