নতুন শনাক্ত ৩৩, মৃত্যুহীন ২১ দিন
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৩ জন করোনা রোগীর সন্ধান মিলেছে। তবে এদিনও করোনাভাইরাসে মৃত্যুশূন্য থেকেছে দেশ। এ নিয়ে তাই টানা ২১ দিন কোভিড-১৯ এ মৃত্যুহীন থাকল বাংলাদেশ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৬ হাজার ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে।
এই ৩৩ জনের ২১ জন ঢাকার বাইরের। আর ১২ জন ঢাকা জেলার। কিছুদিন ধরে ঢাকার রোগী বেশি মিলছিল। গত একদিনে ঢাকার চেয়ে বাইরের রোগী বেশি পাওয়া গেল। মঙ্গলবারও ঢাকার চেয়ে ঢাকার বাইরে রোগী বেশি পাওয়া গিয়েছিল।
যেসব রোগী পাওয়া গেছে তার ১২ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। ঢাকা বিভাগের গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ জেলায় একজন করে রোগী পাওয়া গেছে, টাঙ্গাইলে পাওয়া গেছে তিনজন।
এছাড়া চট্টগ্রামে দুজন, কক্সবাজারে দুজন, কুড়িগ্রামে একজন, যশোরে একজন, খুলনায় চারজন, কুষ্টিয়ায় একজন এবং সিলেট জেলায় তিনজন রোগী পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোজকার শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৩ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ৩৩ জনকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ১৯ লাখ ৫২ হাজার ৮৮৮ জন। শেষ করোনায় এই দেশ মৃত্যু দেখেছিল ২০ এপ্রিল। তার পর থেকে আর কেউ মারা না যাওয়ায় করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা আগের মত ২৯ হাজার ১২৭ জন রয়েছে।
২০২০ সালের ১৮ মার্চ করোনায় দেশে কারো মৃত্যুর খবর পাওয়া যায় প্রথমবারের মতো। তার পর এই প্রথম টানা ২১ দিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেনে ২৪৯ জন। এ নিয়ে ১৮ লাখ ৯৮ হাজার ৩১২ সুস্থ্য হয়ে উঠলেন।
সেই হিসেবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪৯ জন।