বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নতুন ঘোষিত মজুরি প্রত্যাখ্যান: গাজীপুর ও সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, মাঠে বিজিবি

আতাউল্লাহ পলাশ • 25 নভেম্বর 2026, 05:25 সকাল • 17 বার পঠিত
নতুন ঘোষিত মজুরি প্রত্যাখ্যান: গাজীপুর ও সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, মাঠে বিজিবি

গাজীপুর ও সাভার দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করা হলেও তা প্রত্যাখ্যান করে ফের রাজপথে নেমেছেন শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকালে গাজীপুরের নাওজোর, বোর্ডবাজার, মালেকের বাড়ি ও চয়তানা এবং সাভারের হেমায়েতপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, শিল্প পুলিশ ও আনসারের পাশাপাশি গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার ভোররাতে নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্তে চারটি গ্রেডে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়, যেখানে সর্বনিম্ন মজুরি ১৭,০০০ টাকা থেকে ২১,৫০০ টাকার মধ্যে রাখা হয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি ছিল ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করার। ঘোষিত বেতন কাঠামো প্রত্যাখ্যান করে সকাল ৮টার পর একটি অংশ মহাসড়কে নেমে আসে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার, মালেকের বাড়ি ও মন্ডল গার্মেন্টসের সামনে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে একটি অংশ শ্রমিক নেতার নির্দেশনায় কারখানায় যোগ দিলেও অন্য অংশ বিক্ষোভে নামে। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন আজ কঠোর প্রস্তুতি নিয়েছে এবং গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের পাশাপাশি সাভারের হেমায়েতপুরের পদ্দার মোড় এলাকাতেও নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। যদিও সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় সকাল থেকে উৎপাদন কার্যক্রম অনেকটাই স্বাভাবিক দেখা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মজুরি নির্দেশনা ১ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হবে এবং জানুয়ারির বেতনের সাথে তা সমন্বয় করা হবে। কেউ যেন অযথা মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও শ্রমিকদের অসন্তোষ পুরোপুরি প্রশমিত হয়নি। দাবি-দাওয়া নিয়ে শ্রমিকদের অনড় অবস্থান ও প্রশাসনের কঠোর নজরদারির মাঝে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।

#জাতীয় #বাসস