বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

নতুন দল নিবন্ধনের আবেদন আজ শেষ

মোহাম্মদ খাইরুল আমিন 22 জুন 2025, 11:52 দুপুর 402 বার পঠিত
নতুন দল নিবন্ধনের আবেদন আজ শেষ

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার সময় আজ রোববার শেষ হচ্ছে। সময় শেষ হওয়ার পর ইসি আবেদনপত্রের প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবে।

নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে নিবন্ধিত থাকা বাধ্যতামূলক। নিবন্ধনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়, যা এখনও বর্তমান আইনের আলোকে প্রয়োগ করা হচ্ছে। গণ-অভ্যুত্থানের পর গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এসব শর্ত সহজ করার সুপারিশ করলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

গত ১০ মার্চ ইসি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথমে আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ছিল ২০ এপ্রিল, পরে বিভিন্ন দলের অনুরোধে তা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করার কথা রয়েছে।

ইসি সূত্র জানায়, ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল আবেদন করেছিল। সময় বৃদ্ধি পাওয়ার পর আরও অনেক দল আবেদন করেছে, যদিও এখন পর্যন্ত মোট আবেদনের চূড়ান্ত সংখ্যা জানানো হয়নি।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল রয়েছে ৫০টি, যার মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। আগের জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল আবেদন করেছিল, যাদের মধ্যে অধিকাংশ ছিল নামসর্বস্ব। প্রাথমিক বাছাইয়ে ৮১টি দল বাদ পড়েছিল, আর মাত্র ২টি নামসর্বস্ব দল নিবন্ধন পেয়েছিল।

নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যেমন, কেন্দ্রীয় কমিটি সহ সব পর্যায়ের কমিটি নির্বাচিত হতে হবে, নারীদের জন্য ৩৩ শতাংশ সদস্যপদ নির্ধারণ থাকতে হবে এবং ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এছাড়া, দলের মাঠ পর্যায়ে অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলা ও ১০০টি উপজেলা বা মহানগর থানা কার্যালয় থাকতে হবে, যেখানে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত থাকতে হবে।

ইসি সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিলে প্রথমে আবেদনপত্র যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে বা আইন-বিধি না মেনলে আবেদন বাতিল করা হয়। বাছাইয়ের পর মাঠ পর্যায়ে দলের কার্যক্রম ও কার্যালয় রয়েছে কিনা তাও যাচাই করা হয়। এরপর প্রতিবেদন উপস্থাপন করে ইসি নিবন্ধনের অনুমোদন দেয়।