বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নড়াইলে শিক্ষক অপদস্থের ঘটনায় একজনের ছাত্রত্ব বাতিল

মোহাম্মদ খাইরুল আমিন 07 জুলাই 2022, 12:43 দুপুর 255 বার পঠিত
নড়াইলে শিক্ষক অপদস্থের ঘটনায় একজনের ছাত্রত্ব বাতিল

নড়াইলে শিক্ষককে অপদস্থ করার ঘটনায় ব্যবস্থা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একজন ছাত্রের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করা হয়েছিল প্রকাশ্যে। ভাইরাল হয়েছিল ঘটনার ভিডিও। প্রতিবাদও হয়েছিল ওই ঘটনার। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মো. রহমাতুল্লাহর ছাত্রত্ব বাতিল করেছে। রহমাতুল্লাহ খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থী।  

এক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আখতার হোসেন। ওই ঘটনায় নেতিবাচক ভূমিকার জন্য কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই মর্মে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
 

এছাড়া নির্লিপ্ততার জন্য কলেজের গভর্নিং বডিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান।

মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমারকে অপদস্থ করার ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৮ জুন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি সিন্ডিকেট সভায় তাদের প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদনের ওপর নানা আলোচনা হয়। এরপর এসব ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।