নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য অনুদান দিয়েছে সরকার
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার বিশেষ অনুদান দিয়েছে সরকার।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ৬৪ জেলার ৮,৪৯২টি শিক্ষা প্রতিষ্ঠানেরল ননএমপিও ৮০,৭৪৭ জন শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা হারে এবং ২৫,০৩৮ জন ননএমপিও কর্মচারীর প্রত্যেককে আড়াই হাজার টাকা হারে মোট ১,০৫,৭৮৫ জন শিক্ষক-কর্মচারীর জন্য ২০১৯-২০২০ অর্থ বছরে শিক্ষা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী তাঁর “বিশেষ অনুদান” এর খাত হতে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা ৬৪ জন জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তালিকাভুক্ত EIIN ধারী ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বিশাল সংখ্যক শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্যাদি ইতঃপূর্বে সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করা হয় এবং স্থানীয় প্রাশাসনের মাধ্যমে নামের তালিকা যাচাই-বাছাই করা হয়। সেই তালিকার ভিত্তিতে প্রধানমন্ত্রীর ‘বিশেষ অনুদান’ খাত হতে প্রাপ্ত অর্থ জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট ননএমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে চেক/ব্যাংক একাউন্টের মাধ্যমে চলতি মাসের (জুন, ২০২০) মধ্যে বিতরণ করবেন।