নিউ মার্কেট এলাকার দোকানপাট খুলছে
বুধবার বিকেল থেকে খুলতে শুরু করেছে নিউ মার্কেট ও এর আশেপাশের মার্কেটগুলোর দোকানপাট। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের দেড় দিনে এসব দোকানপাট বন্ধ ছিল।
এদিন সকালে অবশ্য দোকান মালিক সমিতি জানিয়েছিল, দোকান খোলা হবে না। কিন্তু নিউ মার্কেট দোকান সমিতির কার্যালয়ের দুপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন দোকানপাট খুলতে বলেন।
এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন অবশ্য শান্তির পতাকা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের শাস্তি চাই। অনেক ক্ষতি হয়েছে, এখন থেকেই আমরা দোকানপাট খুলে দিতে চাই।’
সংবাদ সম্মেলনের পর বিকেল ৩টা নাগাদ ধীরে ধীরে দোকানপাট খুলতে শুরু করে। নিউ মার্কেটের এই সংঘর্ষে বন্ধ ছিল নীলক্ষেত, গাউছিয়া, চাঁদনি চক, চন্দ্রিমা মার্কেটসহ এর আশপাশের সব মার্কেট।
আজ বুধবার সকাল থেকে নিউ মার্কেট এলাকা খুব শান্ত দেখা গেছে। যেটি গতকাল সারাদিন ছিল রণক্ষেত্র। এদিন ঢাকা কলেজ শিক্ষার্থী কিংবা নিউ মার্কেট কর্মচারী-ব্যবসায়ীদের কোনো পক্ষকে রাজপথে দেখা যায়নি। যান চলাচল ছিল স্বাভাবিক।
গত সোমবার রাতে নিউ মার্কেট কর্মচারী-ব্যবসায়ীদের সঙ্গে ঝামেলা হয় কয়েকজন ঢাকা কলেজ শিক্ষার্থীর। তার জের ধরে প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ হয়। এরপর পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনলেও মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। দুই পক্ষের অনেকে আহত হয়। নাহিদ হোসেন নামের এক পথচারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ছাত্রাবাসগুলো বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু তা মেনে না নিয়ে ছাত্ররা ছাত্রাবাসেই আছেন। তবে এদিন তারা সংঘর্ষে জড়াননি।