নিষিদ্ধ আ.লীগকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন জয়নুল আবেদীন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শেষে তিনি এমন মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে বলেন, কয়েকটা গাড়ি-বাড়ি পুড়াইয়া আপনারা চলে আসবেন।
তাই জাতীয়তাবাদী দলের সৈনিকেরা,এই আইনজীবীরা কোনোদিন, বরদাশত করবে না। জাতীয়তাবাদী দল এমন একটি দল,যদি আপনারা দেখে থেকেও কেউ এখনো ঘোরাফেরা করছেন, যদি এ দলের কর্মীবৃন্দ, নেতৃবুন্দ জেগে ওঠে,তাহলে টিকতেও পারবেন না।
তিনি বলেন, আজকের দিনে বলতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দলই না। একটি সন্ত্রাসী গোষ্ঠী।
এ গোষ্ঠী আপনাদের মনে আছে ২০০৮ সালে লগি বৈঠা দিয়া মানুষকে হত্যা করেছে। একজন প্রধান বিচারপতি বলেছেন, এটা কোনো দল না। যে দল এইভাবে পিটিয়ে মানুষ মারে,যে দল এইভাবে আগুন করে রাজনীতি করে,সে দল কোনো দল হতে পারে না। তাহলে এটা কি? সন্ত্রাসী গোষ্ঠী। এই গোষ্ঠীর মোকাবিলা আমাদের সারা বাংলাদেশের আইনজীবীরা, বিশেষ করে আমার আইনজীবী ভাই ও বোনেরা, একাই প্রতিহত করতে পারে। তাই বলছি,এখনও সময় আছে সন্ত্রাসের পথ পরিহার করুন। জয়নুল আবেদীন আরও বলেন, কিছু কিছু লোক সমস্ত ব্যাংক খালি করে বিদেশে পালিয়ে গিয়ে এখন সেখান থেকে মদদ দিচ্ছেন। একজনের বক্তব্য শুনলাম, যিনি ইসলামী ব্যাংক খালি করে নিয়ে গিয়েছেন, যিনি ইউসিবিএল খালি করে নিয়ে গিয়েছেন, বেসিক ব্যাংক খালি করে নিয়েছেন, তিনি বলছেন,কয়েকটা গাড়ি পুড়িয়ে দাও,তাহলেই দেখবা এই সরকারের পতন হয়ে যাবে।
বর্তমান সরকারকে নির্বাচিত সরকার উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, এই সরকার তো নির্বাচিত সরকার। জনগণের ভোটে নির্বাচিত। এই সরকার আপনাদের মতো দিনের ভোট রাতে চুরি করে আসেন নাই। এই সরকার কুকুর দিয়ে ভোট নিয়ে আসেন নাই। এই সরকারকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে,নির্বাচিত করে,আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করেছেন তারেক রহমানকে। এত সহজে আপনারা ভেবেছেন,আপনারা কয়েকটা গাড়ি পুড়িয়ে এই সরকারকে পতন ঘটিয়ে ফেলবেন? তা কোনোদিন হবে না ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা ফুঁসে উঠেছে। তারা অতীতে অত্যাচারের কারণে মাথানত করে নাই। এখন তো কোনো অবস্থাতেই করার প্রশ্নই আসে না। তার কারণ আজকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। কাজেই এত সোজা নয়। আমার আইনজীবী ভাই বোনদেরকে বলব,সমস্ত প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে এখন আমাদের সকলের ঈমানী দায়িত্ব হচ্ছে,এই ফ্যাসিস্ট,এই সন্ত্রাসী, তাদেরকে রুখে দেওয়া।তারা যেন কোনো অবস্থাতেই এই অঙ্গনে, এই এলাকায় মাথা উঁচু করতে না পারে। আশা করি এটা আপনাদের ঈমানী দায়িত্ব হিসেবে আপনারা পালন করবেন।
জয়নুল আবেদীন আরও বলেন, গোপালগঞ্জকে স্বাধীন করলেই সব হয়ে যাবে। গোপালগঞ্জের নামই তো আমাদের নেত্রী বদলে ফেলার কথা বলেছেন। আমাদের নেত্রী যখন বলেছে, সেই গোপালগঞ্জ আর থাকবে না। ....তাই আগামী ২৪ ঘণ্টা আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের থেকে ফিরে আসুন। না হলে বেশি লোক লাগবে না। শুধুমাত্র জাতীয়তাবাদী আইনজীবী আপনাদের রুখে দেওয়ার জন্য যথেষ্ট।