নাহিদ হত্যায় জড়িত ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও দোকান কর্মচারী-ব্যবসায়ীদের সংঘর্ষে প্রাণ গিয়েছিল দুজনের। সেই দুই হত্যাকাণ্ডে জড়িত ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। নিউ মার্কেটের দুই হত্যাকাণ্ডের মামলারই তদন্ত করছে ডিবি।
হাফিজ আক্তার জানান, গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকা কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র আব্দুল কাইয়ূম ও পলাশ, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম। তারা সবাই নাহিদ মিয়াকে হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নেন বলে জানানো হয়।
তিনি বলেন, ‘আমরা সংঘর্ষে ঘটে যাওয়া দুইটি হত্যা মামলার তদন্ত করছিলাম। এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি।’
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে নিউ মার্কেট কর্মচারী-ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের প্রায় আড়াই ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। পরের দিন মঙ্গলবারও দফায় দফায় সারাদিন জুড়ে সংঘর্ষ হয়। তাতে দুই পক্ষের অনেকে আহত হন। নাহিদ নামের একজন ডেলিভারিম্যান ও মোরসালিন নামের এক দোকান কর্মচারী আহত হয়ে হাসপাতালে পর্তি হন। পরে তারা মারা যান। নাহিদকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছিল। নিহত এ দুজনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।