ময়মনসিংহে জমির বিরোধে হত্যা: ১৪ বছর পর ৫ জনের যাবজ্জীবন
ময়মনসিংহের হালুয়াঘাটে জমির বিরোধে হামলা চালিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
রোববার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন ১৪ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন-হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলী।
সাজার পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
মামলার বরাতে তিনি বলেন, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকালে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দা ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলে থাকা জমিতে ঢুকে জোর করে ধান কেটে নিয়ে যায়।
খবর পেয়ে আহাম্মদ আলীর স্ত্রী নূরুন্নাহারসহ পরিবারের লোকজন বাধা দিতে গেলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি তাদের উপর হামলা চালায়। এতে নূরুন্নাহার, তার নানি সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমান রক্তাক্ত জখম হন।
এ সময় নূরুন্নাহারের বাড়িঘরে ভাঙচুর এবং ঘরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় আসামিরা। পরে বাড়ির অন্য লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
মামলা দায়েরের ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নূরুন্নাহারের মামা হবিবুর মারা যান। পরে তদন্ত শেষে পুলিশ এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে।
এ মামলার বাকি ২০ আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে হারুন অর রশিদ জানিয়েছেন।