মুক্তাগাছায় সড়কে পড়ে ছিল ইউপি সদস্যের লাশ
ময়মনসিংহের মুক্তাগাছায় সড়কে পড়ে ছিল এক ইউপি সদস্যের লাশ। পুলিশ বলছে, সুরুজ আলী সূর্যি নামের ওই ইউপি সদস্যের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, সুরুজকে হত্যা করা হয়েছে।
শনিবার রাত দেড়টার দিকে মুক্তাগাছার গাবতলী বাজার প্রধান সড়কের পাশ থেকে সুরুজের লাশ উদ্ধার করে পুলিশ। ৪২ বছর বয়সী সুরুজ মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে সুরুজের দুমড়ানো-মুচড়ানো মোটরসাইকেল পাওয়া গেছে। তাদের ধারণা, সুরুজকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাক চাপা দিয়েছে।
কিন্তু ঘোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ আহম্মেদের বিশ্বাস, পরিকল্পিতভাবে সুরুজকে হত্যা করা হয়েছে। তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
সুরুজের বড় ভাই শাহজাহানের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগ থেকে সাবেক মেম্বার সুলতান মিয়ার সঙ্গে সুরুজের বিরোধ ছিল। এলাকাতেও তার বিরোধী অনেক লোক আছে। তার বিশ্বাস, পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।