বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

"মুজিবীয় শুভেচ্ছা" নিয়ে ছাত্রদল নেতার বিপাকে

মোহাম্মদ খাইরুল আমিন 22 জুন 2025, 11:31 দুপুর 255 বার পঠিত
"মুজিবীয় শুভেচ্ছা" নিয়ে ছাত্রদল নেতার বিপাকে

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান দলীয় এক সভায় ‘মুজিবীয় শুভেচ্ছা’ জানানোয় সংগঠনের ভেতরে-বাইরে সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক ছড়ালে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার ছাত্রদলের গাজীপুর জেলা শাখার দপ্তর সম্পাদক সরকার রাকিব হোসেন স্বাক্ষরিত একটি নোটিশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা কার্যালয়ে হাজির হয়ে নাহিদ হাসানকে ব্যাখ্যা দিতে হবে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবালের উপস্থিতিতে তাঁকে জবাব দিতে হবে।

স্থানীয় সূত্র জানায়, নাহিদ হাসান একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এরপরও ২০২৩ সালের ২৭ মার্চ গঠিত প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদল কমিটিতে তাঁকে সভাপতি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছাত্রলীগ সংশ্লিষ্ট পুরোনো ছবি ও ফেস্টুনও ভাইরাল হয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া সাত সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলামের উপস্থিতিতে বক্তব্য দিচ্ছিলেন নাহিদ। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি প্রহ্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা জানাই।’ এ বক্তব্যের পর রফিকুল ইসলাম দ্রুত মাইক্রোফোনটি কেড়ে নেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, “একসময় ছাত্রদলের নেতাকর্মী খুঁজে পাওয়া যেত না, তখন নাহিদ আমাদের সঙ্গে যুক্ত হন। তিনি আগে ছাত্রলীগ করতেন কি না, তা আমাদের জানা নেই। তবে বক্তব্যটি নিয়ে সংগঠনে প্রশ্ন উঠেছে, সে কারণেই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”