শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
কুরআন

মৃত্যুর পরও যে আমলের প্রতিদান অব্যাহত থাকে

ড. মো: সাইফুল ইসলাম • 20 নভেম্বর 2026, 01:34 রাত • 4 বার পঠিত
মৃত্যুর পরও যে আমলের প্রতিদান অব্যাহত থাকে

মৃত্যু মানবজীবনের এক অমোঘ বাস্তবতা। পৃথিবীর সমস্ত কোলাহল, বিত্ত-বৈভব, পদমর্যাদা ও প্রিয়জনের মায়ার বন্ধন ছিন্ন করে একদিন প্রতিটি মানুষকে পাড়ি জমাতে হয় অনন্ত পরকালের পথে। কবরের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের নিজস্ব আমল করার সুযোগও শেষ হয়ে যায়। কিন্তু ইসলামের সৌন্দর্য হলো, মানুষের মৃত্যু হলেও তার কিছু আমলের প্রতিদান অব্যাহত থাকে। জীবদ্দশায় এমন কিছু নেক কাজ করে যাওয়া সম্ভব, যার সুফল মানুষ মৃত্যুর পরও ভোগ করতে থাকে। তাই প্রকৃত বুদ্ধিমানের কাজ হলো, ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু পুঁজি সঞ্চয় করে যাওয়া, যা পরকালেও তার কল্যাণ বয়ে আনবে।

কুরআনে মৃত্যুর পরও আমলের প্রভাবের ঘোষণা

পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, মানুষ জীবদ্দশায় যা করে শুধু তা-ই নয়, বরং তার মৃত্যুর পর পৃথিবীতে রেখে যাওয়া কর্মের প্রভাবও লিপিবদ্ধ করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন,

﴿إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ ۚ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ﴾

নিশ্চয়ই আমিই মৃতদের জীবিত করি এবং তারা যা আগে পাঠিয়েছে ও তাদের রেখে যাওয়া চিহ্নসমূহ লিখে রাখি। আর প্রতিটি বিষয়ই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। (সূরা ইয়াসীন, আয়াত: ১২)

আয়াতের وَآثَارَهُمْ শব্দের অর্থ হলো, মানুষের রেখে যাওয়া কর্মের প্রভাব ও পদচিহ্ন। অর্থাৎ মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তার রেখে যাওয়া ভালো কিংবা মন্দ কাজের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং সেগুলোর হিসাবও আল্লাহর কাছে সংরক্ষিত থাকে।

মৃত্যুর পরও প্রতিদান অব্যাহত থাকার তিনটি পথ

মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার নিজস্ব আমলের সুযোগ বন্ধ হয়ে গেলেও তিনটি বিশেষ আমলের প্রতিদান অব্যাহত থাকে। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

«إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ»

যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়; তবে তিনটি আমল ব্যতীত, সদকায়ে জারিয়া, এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১)

হাদিসটিতে মৃত্যুর পরও নেকির ধারা অব্যাহত রাখার তিনটি গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করা হয়েছে।

১. সদকায়ে জারিয়া: এমন দান, যার সুফল দীর্ঘদিন ধরে মানুষ ভোগ করতে থাকে। যেমন, মসজিদ, মাদরাসা, এতিমখানা, সুপেয় পানির ব্যবস্থা কিংবা জনকল্যাণমূলক কোনো স্থায়ী প্রতিষ্ঠান নির্মাণ।

২. উপকারী ইলম: মানুষকে দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান শেখানো, কুরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া, উপকারী কিতাব রচনা করা কিংবা মানুষকে হেদায়াতের পথ দেখানো। এসব জ্ঞানের আলোয় পরবর্তী প্রজন্ম যতদিন উপকৃত হবে, ততদিন এর প্রবর্তকের জন্য প্রতিদানের আশা করা যায়।

৩. নেক সন্তান: সন্তানকে নেককার মুমিন হিসেবে গড়ে তোলা। কারণ নেক সন্তান পিতা-মাতার মৃত্যুর পরও তাদের জন্য দোয়া ও ইস্তিগফার করতে থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন,

﴿وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا﴾

আর বলো, হে আমার রব! তাঁদের প্রতি দয়া করুন, যেমন তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন। (সূরা বনি ইসরাঈল, আয়াত: ২৪)

কবরের অন্ধকারে আলো ছড়ানো সাতটি আমল

অন্য এক হাদিসে রাসুলুল্লাহ ﷺ মৃত্যুর পরও প্রতিদান অব্যাহত থাকে এমন সাতটি আমলের বিবরণ দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

«سَبْعٌ يَجْرِي لِلْعَبْدِ أَجْرُهُنَّ وَهُوَ فِي قَبْرِهِ بَعْدَ مَوْتِهِ: مَنْ عَلَّمَ عِلْمًا، أَوْ أَجْرَى نَهْرًا، أَوْ حَفَرَ بِئْرًا، أَوْ غَرَسَ نَخْلًا، أَوْ بَنَى مَسْجِدًا، أَوْ وَرَّثَ مُصْحَفًا، أَوْ تَرَكَ وَلَدًا يَسْتَغْفِرُ لَهُ بَعْدَ مَوْتِهِ»

সাতটি আমলের সওয়াব বান্দার মৃত্যুর পরও তার কবরে জারি থাকে: ইলম শিক্ষা দেওয়া, নদী বা খাল প্রবাহিত করা, কূপ খনন করা, খেজুরগাছ রোপণ করা, মসজিদ নির্মাণ করা, কুরআনের মুসহাফ রেখে যাওয়া এবং এমন সন্তান রেখে যাওয়া, যে তার মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। (শুআবুল ঈমান, বায়হাকি, হাদিস: ৩১৭৫)

হাদিসটির প্রতি গভীরভাবে দৃষ্টি দিলে বোঝা যায়, ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যেই নেকির পরিধি সীমাবদ্ধ রাখেনি, বরং মানুষের কল্যাণ ও সমাজের উপকারকেও বিশেষ মর্যাদা দিয়েছে। পিপাসার্তের জন্য পানির ব্যবস্থা, পথিকের জন্য গাছের ছায়া ও ফল এবং অজ্ঞদের জন্য জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াও মৃত্যুর পর প্রতিদানের মাধ্যম হতে পারে।

বৃক্ষরোপণের ব্যাপারে রাসুলুল্লাহ ﷺ বিশেষভাবে উৎসাহ দিয়েছেন। তিনি ইরশাদ করেন,

«مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ»

কোনো মুসলিম যদি কোনো বৃক্ষ রোপণ করে কিংবা শস্য ফলায়, অতঃপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। (সহিহ বুখারি, হাদিস: ২৩২০; সহিহ মুসলিম, হাদিস: ১৫৫২)

ভালো পথের দিশারি হওয়া এবং মন্দ কাজের পরিণতি

মানুষ পৃথিবীতে যেমন ভালো কাজের ধারা চালু করে যেতে পারে, তেমনি মন্দ কাজের পথও উন্মুক্ত করে যেতে পারে। যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে এবং পরবর্তী সময়ে মানুষ তার অনুসরণ করে, সে তাদের সমপরিমাণ সওয়াব লাভ করে। পক্ষান্তরে, যে ব্যক্তি কোনো মন্দ কাজের প্রচলন করে, তার মৃত্যুর পরও সেই পাপের ধারাবাহিকতা চলতে থাকলে সে তার বোঝা বহন করতে থাকে।

হযরত জারির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

«مَنْ سَنَّ فِي الإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَعُمِلَ بِهَا بَعْدَهُ، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا، وَلَا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، فَعُمِلَ بِهَا بَعْدَهُ، كُتِبَ عَلَيْهِ مِثْلُ وِزْرِ مَنْ عَمِلَ بِهَا، وَلَا يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»

যে ব্যক্তি ইসলামে কোনো ভালো রীতির প্রচলন করবে এবং তার মৃত্যুর পরও সে অনুযায়ী আমল করা হবে, সে ঐ আমলকারীদের সমপরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি কোনো মন্দ রীতির প্রচলন করবে এবং তার মৃত্যুর পরও সে অনুযায়ী কাজ করা হবে, তার ওপর ঐ আমলকারীদের সমপরিমাণ পাপের বোঝা বর্তাবে। (সহিহ মুসলিম, হাদিস: ১০১৭)

সাধারণ মানুষের জন্য জারিয়া আমলের সুযোগ

অনেকে মনে করেন, সদকায়ে জারিয়া কেবল বিত্তশালী ও ধনীদের জন্য। অথচ একজন সাধারণ মুসলিমও নিজের সামর্থ্য অনুযায়ী এ পথে অংশ নিতে পারেন। কাউকে কুরআন শেখানো, একটি উপকারী বই উপহার দেওয়া, মসজিদ-মাদরাসার কাজে সহযোগিতা করা, পানির ব্যবস্থা করে দেওয়া কিংবা একটি গাছ লাগানো, সবই হতে পারে পরকালের পুঁজি।

প্রিয় পাঠক! আমাদের প্রত্যেকের জীবনই একদিন শেষ হয়ে যাবে। পৃথিবীর মানুষ হয়তো আমাদের নাম ভুলে যাবে, কিন্তু আমরা যদি জীবদ্দশায় এমন কোনো নেক কাজ রেখে যেতে পারি, যার সুফল মৃত্যুর পরও মানুষের কাছে পৌঁছাতে থাকে, তাহলে সেটিই হবে আমাদের প্রকৃত সফলতা। আসুন, জীবন ফুরিয়ে যাওয়ার আগেই আখিরাতের জন্য এমন কিছু বীজ বপন করে যাই, যার ফল আমরা কবরের অন্ধকারেও পেতে থাকব।

#মাসিক আলকাউসার