মৃত্যু নেই, নতুন শনাক্ত ৩৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৪ জনের শরীরে। এর ৩০ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকি ৪ জনের দুজন করে গোপালগঞ্জ ও কক্সবাজারের।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় ৩৪ জন নতুন রোগী পাওয়া গেছে। আগের দিন মিলেছিল ৩১ জন রোগী।
শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এটি ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ।
নতুন শনাক্ত ৩৪ জনকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৯ লাখ ৫৩ হাজার ৬৫৭ জন। গত একদিনে করোনায় কেউ মারা না যাওয়ায় সব মিলে মৃত্যুর সংখ্যা আগের মত ২৯ হাজার ১৩১ জন থাকলো।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শেষ ২৪ ঘণ্টায় ১২৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সেরে উঠলেন ১৯ লাখ ৩ হাজার ৮৭৮ জন।