মক্কায় কোরআনের প্রথম জার্মান অনুবাদ প্রদর্শনী
মক্কা নগরীর হিরা সাংস্কৃতিক জেলায় অবস্থিত ‘পবিত্র কোরআন জাদুঘরে’ প্রদর্শিত হচ্ছে ৪০০ বছরের পুরোনো কোরআনের প্রথম জার্মান অনুবাদের এক দুর্লভ প্রতিলিপি। যা অতীত ও বর্তমানের মধ্যে জ্ঞানের সেতুবন্ধনের এক জীবন্ত নিদর্শন।
এই অনুবাদটি ১০৩২ হিজরি, অর্থাৎ ১৬২৩ খ্রিস্টাব্দে জার্মানির নুরেমবার্গ শহরে মুদ্রিত হয়েছিল। সে সময় ইউরোপে ইসলামের মূল গ্রন্থ সম্পর্কে জানার আগ্রহ ধীরে ধীরে বাড়ছিল, আর এই অনুবাদ সেই আগ্রহকে বাস্তব রূপ দেওয়ার প্রথম দিককার উল্লেখযোগ্য প্রচেষ্টাগুলোর একটি।
জাদুঘরের এই প্রদর্শনীটি কোরআনের লিখন, সংরক্ষণ, মুদ্রণ ও অনুবাদের দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাসের এক মনোমুগ্ধকর উপস্থাপন। এখানে প্রতিটি নিদর্শন যেন বলে দেয়, কিভাবে যুগে যুগে জ্ঞানী ও মনীষীরা নিজেদের শ্রম, মেধা ও নিষ্ঠা দিয়ে আল্লাহর বাণীকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার মহান দায়িত্ব পালন করেছেন।
উল্লেখযোগ্য যে এই মূল্যবান প্রতিলিপিটি কিং ফাহদ জাতীয় গ্রন্থাগার-এর সংগ্রহভুক্ত। প্রতিষ্ঠানটি ইসলামী ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা প্রসার এবং জ্ঞানচর্চাকে সহজলভ্য করার ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে।
আধুনিক প্রযুক্তি ও নান্দনিক উপস্থাপনার সমন্বয়ে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য তৈরি করছে এক অনন্য শিক্ষামূলক অভিজ্ঞতা। এখানে কোরআনকে শুধু ধর্মীয় গ্রন্থ হিসেবে নয়, বরং মানবতার পথনির্দেশক, জ্ঞান ও সভ্যতার উৎস হিসেবে তুলে ধরা হয়।
ইতিহাসের গভীরতা, জ্ঞানের মহিমা এবং আধ্যাত্মিকতার সৌন্দর্য-সবকিছুর এক অপূর্ব সমন্বয় ঘটেছে এই প্রদর্শনীতে। ফলে মক্কার ‘পবিত্র কোরআন জাদুঘর’ আজ শুধু একটি দর্শনীয় স্থান নয়; বরং এটি হয়ে উঠেছে জ্ঞান ও প্রেরণার এক ঐতিহাসিক কেন্দ্র, যেখানে অতীতের আলোয় আলোকিত হয় বর্তমান ও ভবিষ্যৎ।