বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মিরসরাইয়ের দুর্ঘটনা : গেটম্যান সাদ্দাম সাময়িক বরখাস্ত

মোহাম্মদ খাইরুল আমিন 30 জুলাই 2022, 12:47 দুপুর 448 বার পঠিত
মিরসরাইয়ের দুর্ঘটনা : গেটম্যান সাদ্দাম সাময়িক বরখাস্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় আটক হয়েছিলেন  গেটম্যান সাদ্দাম হোসেন। তাকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সাদ্দামের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ মামলা করেছে। মামলাটি গতকাল শুক্রবার রাতে হয়েছে দায়িত্ব অবহেলার অভিযোগে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম এই মামলা করেন।

চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে সূত্র থেকে জানা যায়, দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সাদ্দামকে আটক করে। শুক্রবার সন্ধ্যায় তাকে বড়তকিয়া এলাকা থেকে আটক করা হয়। পুলিশ আটক করায় সাদ্দামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মিরসরাইয়ের এই দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত কমিটি হয়েছে। সেই কমিটির প্রতিবেদনে সাদ্দামের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও রেলওয়ে থেকে বলা হয়েছে। 

গতকাল দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়। ট্রেনটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। অভিযোগ উঠেছে যে দুর্ঘটনাস্থলে গেটম্যান ছিলেন না। তাই কোনো সিগন্যাল বা প্রতিবন্ধক ছিল না।